শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নুরুল হুদা।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশিন প্রত্যাশা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব মো. হামিদুল হক মন্নান, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সভাপতি এস এম মোদ্দাচ্ছের, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান এবং ব্যাংক কর্মকর্তা বাদল চন্দ্র দাশ।
বক্তারা তাঁদের বক্তব্যে প্রাণিসম্পদ খাতের বিদ্যমান সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় খামারিদের বিভিন্ন সমস্যা সমাধান, আধুনিক খামার ব্যবস্থাপনা সম্প্রসারণ এবং প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে দেশের অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আপনার মন্তব্য লিখুন