বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও পরিবারের সদস্যদের মিলনমেলায় মুখরিত দিনব্যাপী আয়োজন
অপু কুমার দাশ:
চট্টগ্রামের জোয়ারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘দি সিটেক্সিয়ান্স’ (The CTexians)-এর উদ্যোগে ঢাকার পূর্বাচলে অবস্থিত জিন্দা পার্কে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যামিলি ডে ২০২৬’। গত ৭ নভেম্বর দিনব্যাপী এই আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে কলেজের প্রথম থেকে ১৬তম ব্যাচের প্রায় ৩০০ জন প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের একসঙ্গে কাছে পেয়ে দিনটি পরিণত হয় স্মৃতিচারণ, আনন্দ-উচ্ছ্বাস ও পারস্পরিক সৌহার্দ্যের এক মিলনমেলায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বর্তমান অধ্যক্ষ মো. সোলায়মান, সাবেক অধ্যক্ষ ইসমাইল মোল্লা এবং শিক্ষক মেহেদী হাসান, মো. শাহজালাল ও তারেক এরিন। শিল্প খাতের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলেনিয়াম অর্গানিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল্লাহ আল মামুন এবং এমটিএম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে সিটেক্সিয়ান্সের সাধারণ সম্পাদক সাইফুর রহমান পারভেজ তাঁর বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি একটি শক্তিশালী ও সহযোগিতাপূর্ণ প্রাক্তন শিক্ষার্থী কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী আয়োজনে ছিল নানা ধরনের খেলাধুলা, বিনোদনমূলক প্রতিযোগিতা ও আনন্দঘন কার্যক্রম। অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজ, বিশেষ বিকেলের নাশতা, আকর্ষণীয় উপহারসামগ্রী এবং স্মারক টি-শার্টের ব্যবস্থা করা হয়।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের আনুষ্ঠানিক ম্যাগাজিন ‘অতঃপর’-এর মোড়ক উন্মোচন। ম্যাগাজিনটিতে ক্যাম্পাস জীবনের স্মৃতি, প্রাক্তন শিক্ষার্থীদের পরিচিতি ও সংগঠনের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে।
এ ছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জমকালো গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি পেশাগত নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে সম্মিলিত উদ্যোগ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য লিখুন