সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সুজিত কুমার দাশ:
নগরীর বায়েজিদ ও বাকলিয়া থানাধীন এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) পরিচালিত এই অভিযানে চউকের জায়গা দখল করে গড়ে ওঠা ১৫টি অবৈধ দোকান উচ্ছেদ এবং নকশা বহির্ভূত নির্মাণের দায়ে ৯টি ভবন সিলগালা করা হয়েছে।
চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এই সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালিত হয়। এ সময় চউক অথরাইজড অফিসার-১ কাজি কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে অথরাইজড অফিস-১ এর আওতাধীন এলাকায় চউকের নিজস্ব ভূমিতে অবৈধভাবে স্থাপিত ১৫টি দোকান উচ্ছেদ করে জায়গা দখলমুক্ত করা হয়। এছাড়া একই এলাকায় ১০টি ভবনে অভিযান চালানো হয়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন ও অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে ৯টি ভবন তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয় এবং অপর ১টি ভবনের মালিককে বিধি মেনে কাজ করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ বিষয়ে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে চউক বদ্ধপরিকর। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি জায়গা দখলের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে ও নগরীর শৃঙ্খলা ফেরাতে নকশা বহির্ভূত ভবন ও অবৈধ স্থাপনার বিরুদ্ধে চউকের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য লিখুন