মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সমর ডেস্ক রিপোর্ট:
প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের স্প্রিং-২০২৬ সেশনের ৮ম সেমিস্টারের ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সের ফাইনাল জুরি অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, সকাল ১১টায় বিভাগীয় আয়োজনে এ জুরি অনুষ্ঠিত হয়।
ফাইনাল জুরিতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। সম্মানিত জুরি সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আরিফুল ইসলাম, ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল (প্রাইভেট) লিমিটেডের হেড অব ডিজাইন সন্দরুওয়ান কুমারাসিংহে ও ডিভিশনাল ম্যানেজার (ফ্যাব্রিক টেকনোলজি অ্যান্ড সোর্সিং) জনাব মো. সানভির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের চেয়ারম্যান জনাব কুহেলী চৌধুরী।
ফাইনাল ড্রেস সাবমিশন অ্যান্ড প্রেজেন্টেশন কোর্সটি শিক্ষার্থীদের অর্জিত তাত্ত্বিক জ্ঞান, সৃজনশীলতা ও ব্যবহারিক দক্ষতার সমন্বিত মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ পর্ব। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের চার বছরের শিক্ষাজীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব নকশা ও পোশাক নির্মাণের মধ্য দিয়ে তুলে ধরার সুযোগ পান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস. এম. নছরুল কদির বলেন, ফ্যাশন ডিজাইন একটি সৃজনশীল ও সম্ভাবনাময় পেশা, যেখানে নান্দনিকতার পাশাপাশি উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত জ্ঞান ও বাস্তব দক্ষতার সমন্বয় প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনের পরিবর্তন ও চাহিদার সঙ্গে নিজেদের দক্ষতাকে মানিয়ে নেওয়ার এবং দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুনত্বপূর্ণ ডিজাইনের মাধ্যমে বিশ্বদরবারে বাংলাদেশের ফ্যাশনশিল্পকে তুলে ধরার আহ্বান জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফ্যাশনশিল্পের চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য অর্জনের আহ্বান জানান।
জুরি সদস্য জনাব মো. আরিফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ফ্যাশন ডিজাইনে সৃজনশীলতার পাশাপাশি বিষয়ভিত্তিক জ্ঞান, নকশার যথার্থতা এবং পোশাক নির্মাণের কারিগরি দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের কাজের মধ্যে নিজস্ব চিন্তাভাবনা ও সৃজনশীলতার প্রতিফলন ঘটানোর পাশাপাশি আন্তর্জাতিক ফ্যাশনধারার সঙ্গে সামঞ্জস্য রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
জুরি সদস্য জনাব সন্দরুওয়ান কুমারাসিংহে তাঁর বক্তব্যে বলেন, একটি সফল ফ্যাশন ডিজাইনের ক্ষেত্রে নিজস্ব সৃজনশীলতা, কনসেপ্টের স্বচ্ছতা, রঙের সমন্বয় এবং ফিনিশিংয়ের প্রতি বিশেষ মনোযোগ থাকা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন ধারণা নিয়ে কাজ করার এবং নিজেদের ডিজাইনকে আরও পরিশীলিত ও সময়োপযোগী করে তোলার পরামর্শ দেন।
জুরি সদস্য জনাব মো. সানভির চৌধুরী বলেন, বর্তমান তৈরি পোশাকশিল্পে একজন ফ্যাশন ডিজাইনারের জন্য ফ্যাব্রিক সম্পর্কে গভীর জ্ঞান, সঠিক উপকরণ নির্বাচন, সোর্সিং এবং উৎপাদন উপযোগী নকশা প্রণয়নের দক্ষতা অপরিহার্য। শিক্ষার্থীদের ডিজাইনে নান্দনিকতার পাশাপাশি ব্যবহারিক উপযোগিতা, গুণগত মান ও উৎপাদনসংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রাখার পরামর্শ দেন তিনি।
জুরি সদস্যরা শিক্ষার্থীদের উপস্থাপিত ডিজাইন ও পোশাকের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন এবং তাঁদের কাজের ওপর মূল্যায়ন, গঠনমূলক মতামত ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ ধরনের জুরি আয়োজন শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান ও শিল্পক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জনাব কুহেলী চৌধুরী বলেন, ফ্যাশন ডিজাইন শিক্ষার মূল লক্ষ্য কেবল নান্দনিক পোশাক তৈরি নয়, বরং সৃজনশীল চিন্তা, উদ্ভাবনী দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞানের সমন্বয়ে দক্ষ ফ্যাশন পেশাজীবী তৈরি করা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিশ্রম, গবেষণা ও সৃজনশীলতার প্রতিফলন তাঁদের ফাইনাল ড্রেসে উঠে এসেছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবনে নতুনত্ব, গুণগত মান ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক এস. এম. তাওসিফ, সৈয়দা আত্কিয়া ফাইজা, অর্পিতা দেবী ও সৈয়দা নাজনীন আহসান উপস্থিত ছিলেন।সাথে ছিলেন পাবলিক রিলেশন অফিসার মোহাম্মদ ইফতেখার মাহমুদ চৌধুরী।
আপনার মন্তব্য লিখুন