শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি : নিষ্ঠুর সমাজ থেকে বেরিয়ে এসে দেশকে নিরাপদ ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, “শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। আমাদের এ দেশকে নিরাপদ ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।”
শনিবার (২৮ নভেম্বর) সকালে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষার্থীদের মাঝে ফলদ চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, একটি সুন্দর ও সুষ্ঠু সমাজ বিনির্মাণে সমাজের বিত্তবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক দায়িত্ববোধ থেকে সবাইকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) ও বোয়ালখালী পৌর প্রশাসক সোহেলী নৌশিন প্রত্যাশা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য মো. শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী, সদস্য সচিব মো. হামিদুল হক মন্নান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মোদ্দাচ্ছেরসহ গণমাধ্যমকর্মীরা।
আপনার মন্তব্য লিখুন