বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন একটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বোয়ালখালী পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে গোমদণ্ডী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোসেন তালুকদার বাড়ির বাসিন্দা মোহাম্মদ মোজাহারুল ইসলাম (পিতা: মৃত আবদুল খালেক)-এর বিরুদ্ধে এসব অভিযোগ তুলে ধরেন পরিবারের সদস্যরা।
লিখিত বক্তব্যে তাঁরা জানান, মোজাহারুল ইসলামের সঙ্গে তাঁর আপন বড় ভাই নুরুল ইসলাম, মনিরুল ইসলামসহ তাঁদের পরিবারের সদস্য এবং চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে পারিবারিক ও সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধের জেরে থানা ও আদালতে একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে তাঁদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তাঁরা।
এতে পরিবারের সদস্যরা আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতি ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি পরিবারের সদস্যদের জানমাল ও সহায়-সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান বিরোধের আইনানুগ নিষ্পত্তির জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও চান তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ মোজাহারুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ মহিউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, বিলকিছ বেগম, মোহছেনা খাতুন, মনোয়ারা বেগম, মোমেনা খাতুন, রিজিয়া বেগম, আবু কালাম, শাহজাহান, মো. রুবেল, মো. আকিব, খালেদা বেগম, রুনা আক্তার, লিজা আক্তার, রুমি আক্তারসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
আপনার মন্তব্য লিখুন